দেশে সমুদ্রপথে প্রথমবারের মতো চট্টগ্রাম-সন্দ্বীপ ফেরি চলাচল শুরু হয়েছে। এর মধ্য দিয়ে ফেরির যুগে প্রবেশ করল চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ।
সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ঘাটে পাঁচজন উপদেষ্টাকে সঙ্গে নিয়ে এই ফেরি সেবার উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। পরে সকাল ৯টায় উপদেষ্টাদের বহন করে ফেরি সন্দ্বীপের উদ্দেশে যাত্রা করে। ৫৫ মিনিটের যাত্রার পর ১০টা ৫৫ মিনিটে ফেরি সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে পৌঁছায়।
এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথে ফেরি চালুর মাধ্যমে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সমুদ্রপথে ফেরি যাত্রার সূচনা হলো। একই সাথে চার লাখ মানুষের দ্বীপ উপজেলা সন্দ্বীপের মানুষের যাতায়াতের দুর্ভোগ কিছুটা লাঘব হলো।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
