ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পশ্চিম সীমান্তে শান্তি বজায় রাখতে কূটনৈতিক অগ্রগতি, কাবুলে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠক

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(১ বছর আগে) ১২ মে ২০২৫, সোমবার, ১:০৭ অপরাহ্ন

banglahour

কাবুল, ১২ মে — ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের পশ্চিম সীমান্তে শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি অর্জিত হয়েছে। কাবুলে অবস্থানরত পাকিস্তানের আফগান বিষয়ক বিশেষ দূত মোহাম্মদ সাদিক খান আফগান তালেবান সরকারের কাছ থেকে শান্তিপূর্ণ সীমান্তের প্রতিশ্রুতি আদায় করতে সক্ষম হয়েছেন বলে রোববার একাধিক সূত্র জানিয়েছে।

এই প্রেক্ষাপটে আফগানিস্তানের রাজধানী কাবুলে অনুষ্ঠিত হয়েছে চীন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকের প্রথম পর্ব। বৈঠকে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা, চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’–এ আফগানিস্তানের অন্তর্ভুক্তি এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকটি অনুষ্ঠিত হয় আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এতে অংশ নেন আফগান স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজউদ্দিন হাক্কানি, চীনের আফগান বিষয়ক বিশেষ দূত ইউ শিয়াওয়েইং এবং পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদিক।

আলোচনায় আফগান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আঞ্চলিক সম্পর্ক জোরদার করতে হলে পারস্পরিক শ্রদ্ধা ও গঠনমূলক সম্পৃক্ততা অপরিহার্য।" তিনি ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে আফগানিস্তান ও পাকিস্তানের পশ্চিম সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতি দেন।

এ সময় চীন ও পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক ও সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জানায়, ত্রিপাক্ষিক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ষষ্ঠ বৈঠকও কাবুলেই অনুষ্ঠিত হবে।

পরে, চীন ও পাকিস্তানের বিশেষ দূতরা আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়। আফগান পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানকে অটুট সমর্থনের আশ্বাস দেন।

এছাড়া আফগান বাণিজ্যমন্ত্রী নুরউদ্দিন আজিজির সঙ্গে বৈঠকে সিপিইসি সম্প্রসারণসহ নানা অর্থনৈতিক বিষয় আলোচিত হয়। বৈঠক শেষে পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদিক বলেন, "আমরা বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গঠনমূলক আলোচনা করেছি। ২০২৩ সালের মে মাসে ইসলামাবাদে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার ভিত্তিতেই আমরা সিপিইসি-কে আফগানিস্তানে সম্প্রসারণে একমত হয়েছি।"

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম