ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ক্লাব বিশ্বকাপে সুযোগ নেই আল নাসরের, তবু আলোচনায় রোনালদো—ইন্টার মিয়ামিতে মেসির পাশে খেলার সম্ভাবনা!

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ মে ২০২৫, শনিবার, ১২:৫৯ অপরাহ্ন

banglahour

এবারের ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি সৌদি ক্লাব আল নাসের। ফলে আসন্ন আসরে দেখা যাবে না তাদের পোস্টারবয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে—এটাই ছিল স্বাভাবিক ধারণা। তবে সবকিছু পাল্টে দিতে পারেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো নিজেই। তিনি জানিয়েছেন, রোনালদো চাইলে অন্য ক্লাবের হয়ে এই টুর্নামেন্টে অংশ নিতে পারেন।

সম্প্রতি আমেরিকান স্ট্রিমার ‘আই শো স্পিড’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, “ক্রিশ্চিয়ানো ক্লাব বিশ্বকাপে খেলতে পারে। কিছু আলোচনা হয়েছে। যদি কোনো ক্লাব তাকে নিতে চায়, কে জানে? এখনো কয়েক সপ্তাহ বাকি। এটি দারুণ মজার হবে।”

তিনি আরও বলেন, “আমি রোনালদো আর মেসিকে একসঙ্গে খেলতে দেখতে চাই। যদি তারা এক দলে খেলতো, সেটা দারুণ একটা ব্যাপার হতো।”

এই মন্তব্যের পরেই শুরু হয় গুঞ্জন—তবে কি রোনালদো যাচ্ছেন লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামিতে? শোনা যাচ্ছে, মেসি নিজেই নাকি তাকে দলে নেওয়ার অনুমতি দিয়েছেন এবং ক্লাব মালিক ডেভিড বেকহ্যাম ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছেন। যদি সবকিছু ঠিকঠাক চলে, তাহলে কোচ হাভিয়ের মাসচেরানোর অধীনে মেসি-রোনালদো জুটি গড়তে পারে এবং যোগ দিতে পারেন লুকা মদ্রিচও।

ইন্টার মিয়ামি আগামী ১৪ জুন ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু করবে মিশরের আল আহলির বিপক্ষে।

এদিকে, আল নাসরের হয়ে রোনালদো এখনো মাঠে আছেন। বুধবার আল খালিজের বিপক্ষে পেনাল্টি মিস করলেও এক পেনাল্টি থেকে গোল করেছেন তিনি, যা তাকে আরও কাছে নিয়ে গেছে ১,০০০ গোলের ঐতিহাসিক মাইলফলকের।

তবে সৌদি আরবে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ক্লাব চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে পারেনি, আর কর ছাড় সুবিধাও শিগগিরই হারাবেন তিনি—এমন অবস্থায় চুক্তি নবায়নের সম্ভাবনা ক্ষীণ।

রোনালদোকে নিয়ে গুঞ্জন থেমে নেই। শুধু ইন্টার মিয়ামি নয়, ব্রাজিলের পালমেইরাস, ফ্লামেঙ্গো, ফ্লুমিনেন্স ও বোটাফোগোর সঙ্গে তার নাম জড়িয়েছে। কেউ কেউ বলছেন, হয়তো নিজের শৈশবের ক্লাব স্পোর্টিং লিসবনে ফিরেই ক্যারিয়ারের শেষ অধ্যায় শুরু করবেন এই কিংবদন্তি। স্পোর্টিং পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলবে, এটিই হতে পারে রোনালদোর শেষ নাচ!

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম