পটুয়াখালী, ৫ জুন ২০২৫:
ফ্রিজিয়ান জাতের বিশাল এক ষাঁড় নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে ঢাকার পথে রওনা হয়েছেন পটুয়াখালীর আলোচিত কৃষক সোহাগ মৃধা। বৃহস্পতিবার সকাল ১০টায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালি বাজার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে যাত্রা শুরু করেন তিনি।
‘কালো মানিক’ নামের এই ষাঁড়টির ওজন প্রায় ৩৫ মণ, দৈর্ঘ্য ১০ ফুট এবং প্রস্থ ৫ ফুট ৪ ইঞ্চি। কুচকুচে কালো রঙের কারণে এলাকাবাসীর কাছে গরুটির পরিচিতি ‘কালো মানিক’ নামেই।
সকাল থেকেই সোহাগের বাড়িতে ভিড় জমায় শত শত মানুষ। স্থানীয়দের অনুরোধে কালো মানিককে উপজেলা শহরের সড়ক প্রদক্ষিণ করিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় বহরটি। তিনটি সুসজ্জিত ট্রাক, ব্যান্ড পার্টি, সাউন্ড সিস্টেমসহ সাজানো হয়েছে গোটা শোভাযাত্রা। সোহাগের সঙ্গে রয়েছেন তার ছেলে ও প্রায় ৫০ জন সঙ্গী।
সোহাগ মৃধা বলেন, “কালো মানিককে আমি নিজের সন্তানের মতো করে বড় করেছি। আমার একটাই চাওয়া—আমার নেত্রী যেন এই উপহার গ্রহণ করেন। তাহলেই আমি ধন্য হবো।”
আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম জানান, “গরুটিকে সে তার পরিবারের শেষ সম্বল হিসেবেও ছাড়তে দ্বিধা করেনি। এটি একজন কর্মীর গভীর আবেগের প্রকাশ। বহুবার অনুরোধ করেও তাকে থামানো যায়নি।”
জানা গেছে, ২০১৮ সালের শেষের দিকে এক লাখ ৩৭ হাজার টাকায় একটি গাভী কেনেন সোহাগ। সপ্তাহ না যেতেই সেই গাভী জন্ম দেয় এক বাছুর, আর সেই বাছুরই বর্তমানে বিশাল আকৃতির ‘কালো মানিক’।
বেগম খালেদা জিয়ার প্রতি একজন কর্মীর ভালোবাসা ও শ্রদ্ধার এমন অনন্য প্রকাশে স্থানীয়দের মধ্যে যেমন আবেগের সঞ্চার হয়েছে, তেমনি ঢাকামুখী যাত্রাটিও হয়ে উঠেছে নজরকাড়া এক ঘটনা। এখন দেখার অপেক্ষা—‘মমতাময়ী মা’ খালেদা জিয়া উপহারটি গ্রহণ করেন কি না।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
