নোয়াখালীর হাতিয়ায় পূর্ব ঘটনার জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (১২ জুন) রাত ৯টার দিকে তমরদ্দি বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ জুন ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মো. ফজলুল আজিমের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। সেই ঘটনার রেশ ধরে বৃহস্পতিবার রাতে আবারও দুই গ্রুপ মুখোমুখি হয়।
হামলায় ধারালো দা, ছুরি ও লাঠিসোটা ব্যবহার করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে তমরদ্দি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য রুবেল, রনি, তাঁতি দলের সভাপতি সাহেদ, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোশাদসহ ১০ জন আহত হন। গুরুতর আহতদের নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাতিয়া প্রতিনিধি ইউসুফ রেজা বলেন, “সাম্প্রতিক ঘটনাগুলো হাতিয়ার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অশনিসংকেত। যারা সন্ত্রাসের মাধ্যমে রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চায়, তাদের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়ানো জরুরি।”
আহত শাহেদ অভিযোগ করেন, “পূর্বের ঘটনার জেরে ফজলুল আজিম অনুসারীরা পরিকল্পিতভাবে হামলা চালায়।” তবে হামলার অভিযোগ অস্বীকার করে আলমগীর কবির দাবি করেন, “কিছু বহিরাগত ব্যক্তি আমাদের ঘাটের শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে, আমাদের কেউ হামলায় জড়িত নয়।”
হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা বলেন, “ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।”
পুলিশি তদন্ত ও রাজনৈতিক সমঝোতার অভাবে এলাকায় নতুন করে সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
