গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জমিতে ইপিজেড (রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল) বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় নাগরিকরা। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে তারা ইপিজেড দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান।প্রতিবাদকারীরা মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন, ফলে প্রায় দুই ঘণ্টা ধরে ওই রুটে যান চলাচল বন্ধ থাকে। এতে ঢাকা-রংপুর মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।অবরোধ চলাকালে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এম এ মতিন মোল্লা, সংগঠক রফিকুল ইসলাম, মোকছেদ ইসলাম, আবু রায়হান, আব্দুর রাজ্জাক, আসলাম মিয়া, সাঁওতাল নেতা এমেলি হেম্রম, মেখায়েল বেসরা প্রমুখ।বক্তারা বলেন, গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে রংপুর চিনিকলের পরিত্যক্ত জমিতে ইপিজেড স্থাপনের সরকারি সিদ্ধান্ত নেওয়া হলেও দীর্ঘদিনেও তা বাস্তবায়ন হয়নি। ইপিজেড স্থাপন হলে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান এবং জীবনমানের ব্যাপক পরিবর্তন ঘটবে।পরিস্থিতি নিয়ন্ত্রণে গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন এবং সরকারের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দেন। তার আশ্বাসে বিক্ষোভকারীরা বিকেল সাড়ে ৩টার দিকে অবরোধ তুলে নেন।আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, যদি সরকার দ্রুত কোনো পদক্ষেপ না নেয়, তবে আবারও বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে।প্রসঙ্গত, মহিমাগঞ্জে রংপুর চিনিকলের জমিতে ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত আগেই নেওয়া হলেও দীর্ঘদিন ধরে প্রকল্পটি ঝুলে আছে। ফলে স্থানীয় জনগণ বারবার আন্দোলনে নামছেন বাস্তবায়নের দাবিতে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
