সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ১৪টি স্যাটেলাইট স্কুলের হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেসসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ জুলাই ২০২৫) সকালে নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর। সভাপতিত্ব করেন প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান। অনুষ্ঠানে ১৪টি স্যাটেলাইট স্কুলের ৩৭০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস, ব্যাগ, জুতা, মোজা, সাধারণ জ্ঞানের বই, বাংলা, ইংরেজি ও গণিত খাতা, পেন্সিল, শার্পনার, ইরেজার, স্কেল, ড্রয়িং খাতা, রং পেন্সিলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া স্কুলগুলোর জন্য সরবরাহ করা হয়—মাদুর, পানির ফিল্টার, হাজিরা খাতা, রেজিস্ট্রার খাতা, তালা-চাবি, ডাস্টার, চকবক্স, ব্ল্যাকবোর্ড, জাতীয় পতাকা, সিলিং ফ্যান, ঝুড়ি, ঝাড়ু, চেয়ার-টেবিল, লাইট, ক্যালেন্ডার, পাপস, বেলচা, বর্ণমালা চার্ট, বাংলাদেশের মানচিত্র ও বলপেন। অনুষ্ঠানে সচিব মো. আশিক নূর বলেন, “সিলেট মহানগরীর ওয়ার্ডভিত্তিক স্যাটেলাইট স্কুলগুলো প্রাথমিক শিক্ষার ভিত্তি গড়ে দিচ্ছে। এখানকার শিশুরা একদিন বড় হয়ে দেশ গড়ার নেতৃত্ব দেবে। সভাপতির বক্তব্যে প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, “সিলেটে বড় ইন্ডাস্ট্রি না থাকলেও সিটি কর্পোরেশন সীমিত আয়ে শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. আবুল ফজল খোকন, শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ এবং সংশ্লিষ্ট স্কুলগুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
