পটুয়াখালীর কুয়াকাটায় পায়রা বন্দরের সমন্বিত মাস্টারপ্ল্যান বিষয়ক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাগরকন্যা কুয়াকাটার একটি বেসরকারি হোটেলের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করে পায়রা বন্দর কর্তৃপক্ষ।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল।
সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বন্দর ব্যবহারকারী অংশীজন, মাস্টারপ্ল্যান প্রণয়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও নেদারল্যান্ডসের রয়্যাল হাসকোনিং ডিএইচভি’র প্রতিনিধিসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সেমিনারে বক্তারা জানান, পায়রা বন্দরের উন্নয়ন পরিকল্পনাকে ১৯টি গুরুত্বপূর্ণ কম্পোনেন্টে ভাগ করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ‘Conservancy and Port Management’ কম্পোনেন্টের আওতায় গৃহীত ‘Development of Infrastructure Support Facilities (DISF)’ প্রকল্পের মূল অংশ হিসেবে পায়রা বন্দরের ডিটেইল মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়।
এই মাস্টারপ্ল্যানে সম্ভাব্য বন্দর বিস্তৃতি, জেটি, কনটেইনার ইয়ার্ড, প্রশাসনিক ভবন, ওয়্যারহাউজ নির্মাণের পাশাপাশি পণ্য পরিবহনের পূর্বাভাস, চ্যানেলের অবস্থা, ড্রেজিং প্রয়োজনীয়তা, পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়ন অন্তর্ভুক্ত করা হয়েছে।
পায়রা বন্দরের উল্লেখযোগ্য সুবিধাসমূহ:
আধুনিক সরঞ্জামসহ ৬৫০ মিটার দীর্ঘ জেটি
৩,২৫,০০০ বর্গমিটার ব্যাকআপ ইয়ার্ড
১০,০০০ বর্গমিটার আধুনিক সিএফএস (Container Freight Station)
৪০,০০০-৫০,০০০ মেট্রিক টন কার্গো বা ৩০০০-৩৫০০ টিইইউএস ধারকবাহী প্যানামেক্স জাহাজ চলাচলের উপযোগী চ্যানেল
ইনার চ্যানেলে একসঙ্গে ১৫টি বাণিজ্যিক জাহাজের ট্রান্সশিপমেন্ট সুবিধা
জোয়ারভাটার অপেক্ষা ছাড়া নদীপথে সরাসরি ঢাকা-সহ বিভিন্ন অঞ্চলের সংযোগ
যানজটবিহীন কার্গো পরিবহন সুবিধা
সাশ্রয়ী ট্যারিফ রেট (গড়ে ২০-৩০% কম)
প্রযুক্তিনির্ভর, অটোমেটেড অপারেশন ও স্মার্ট গ্রাহকসেবা ব্যবস্থা
বক্তারা আরও বলেন, মাস্টারপ্ল্যানটি প্রযুক্তি ও অর্থনীতির পাশাপাশি পরিবেশ ও সমাজ সংবেদনশীলতা নিশ্চিত করে এমন একটি ভারসাম্যপূর্ণ উন্নয়ন কাঠামো হিসেবে কাজ করবে। ভবিষ্যতে পায়রা বন্দরের মাধ্যমে দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম আরও বেগবান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
