নড়াইলে ব্যতিক্রমীভাবে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের এক ইউনিয়ন পর্যায়ের নেতা।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আগদিয়া গ্রামে নিজ বাড়িতে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম এই ঘোষণা দেন।
স্থানীয় লোকজনের সামনে এক গামলা ও এক বালতি দুধ দিয়ে নিজে গোসল করেন সাজ্জাদুল। এরপর তিনি বলেন, “আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে কলোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলাম। এই সময়ে কোনো সুযোগ-সুবিধা পাইনি, কাউকে ক্ষতি করিনি। বরং ৫ তারিখের পর আমার বাড়িতে হামলা হয়েছে, বাড়িঘর ভাঙচুর করেছে, আমাকে মারার চেষ্টা করেছে, মামলা দিয়ে জেলে পাঠিয়েছে। সেই অবস্থায় জেলে থাকা অবস্থায় আমার বাবা মারা যান। এতকিছুর পর আমি সিদ্ধান্ত নিয়েছি, ছাত্রলীগ তো দূরের কথা—আমি কোনো রাজনীতিতেই থাকবো না।
তিনি আরও বলেন, আজ দুধ দিয়ে প্রতীকী শুদ্ধি গোসল করে মৌখিকভাবে রাজনীতি থেকে পদত্যাগ করছি। শিগগিরই লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেব।ঘটনার সময় উপস্থিত গ্রামবাসী ও স্বজনরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।স্থানীয় বাসিন্দা আরাফাত মোল্যা বলেন, “রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখি সাজেদুল কাকু দুধ দিয়ে গোসল করছে। পরে জানতে পারি, সে দল থেকে পদত্যাগ করছে। আরেক নারী গ্রামবাসী মলিনা অধিকারী বলেন, শুনে এলাম সাজ্জাদুল দুধ দিয়ে গোসল করেছে। সে আর রাজনীতি করবে না। সাজ্জাদুল ইসলামের চাচাতো বোন সোনিয়া বেগম বলেন, “আমার ভাই ছাত্রলীগ করতো। এখন সে নিজ ইচ্ছায় রাজনীতি থেকে সরে গেছে। দুধ দিয়ে গোসল করে প্রতীকীভাবে তা প্রকাশ করেছে। দলের কারণে অনেক নির্যাতন, মামলা-মোকদ্দমা, অভাব-অনটনের মধ্যে পড়তে হয়েছে আমাদের। তাই সে সিদ্ধান্ত নিয়েছে, আর কোনো রাজনীতি করবে না। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার মাধ্যমে রাজনীতিতে আস্থাহীনতা ও হতাশার চিত্রই ফুটে উঠেছে। এ নিয়ে জেলা ছাত্রলীগের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
