ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা, শেখ হাসিনার বিরুদ্ধে শফিকুর রহমানের অভিযোগ

রাজনীতি | শাহরিয়ার রহমান। স্টাফ রিপোর্টার

(১৯ ঘন্টা আগে) ১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ৮:১৯ পূর্বাহ্ন

banglahour

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্র্বতীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এ ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দায় রয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ঘটনাটিকে বাংলাদেশের মর্যাদার জন্য অবমাননাকর বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ও সংসদের বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান অভিযোগ করেন, শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে অবস্থানরত তাঁর অনুসারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন।

পোস্টে তিনি লেখেন, ‘পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তার সন্ত্রাসীদেরকে সুদূর যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উসকানি দিয়ে যাচ্ছে। প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই।’

এ ঘটনায় বাংলাদেশ সরকারকে দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। তিনি বলেন, বিদেশের মাটিতে এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের আচরণ বিশ্ববাসীর সামনে তুলে ধরছেন। পোস্টের শেষে তিনি ‘শেইম (লজ্জা)’ লিখে ঘটনার নিন্দা জানান।

অন্যদিকে, অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় উপনেতা এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগের কিছু সমর্থকের অশালীন ও কদর্য ভাষা ব্যবহারের মাধ্যমে অধ্যাপক ইউনূসকে হেনস্তা করার ঘটনা অগ্রহণযোগ্য ও নিন্দনীয়।

তাহেরের ভাষ্য, আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত একজন নোবেলজয়ীকে এভাবে হেনস্তা করার মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিকদের পাশাপাশি রাষ্ট্রের ভাবমূর্তিও ক্ষুণ্ন করা হয়েছে। দেশের সম্মান ও মর্যাদা বিশ্বদরবারে সমুন্নত রাখতে বিদেশের মাটিতে সম্মানিত ব্যক্তিদের সঙ্গে এ ধরনের আচরণ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে তাহের আরও অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অনুসারীরা বিদেশের মাটিতে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এবং প্রবাসী ও সফররত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত করছে। এ পরিস্থিতিতে বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনগুলোর কর্মকর্তাদের দায়িত্বশীল ও সাহসী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এদিকে, অধ্যাপক ইউনূসকে ঘিরে স্লোগান, অপমান ও হেনস্তার ঘটনার নিন্দা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির নেতারা বলেছেন, ব্যক্তিগত আক্রমণ করে জুলাই-আগস্টের গণহত্যা, গুম-খুন, ভোটাধিকার হরণ ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগগুলোর দায় আড়াল করা সম্ভব নয়।

যৌথ বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নীতি বা ভূমিকার সমালোচনা করার অধিকার সবার রয়েছে। তবে বিদেশের মাটিতে একজন সম্মানিত নাগরিককে ঘিরে অপমান ও হেনস্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্লোগান দিয়ে কাউকে অপরাধী সাব্যস্ত করাও সমীচীন নয় বলে মন্তব্য করেন তাঁরা।

নিউইয়র্কের বিমানবন্দরে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি পাল্টাপাল্টি অভিযোগ সামনে এসেছে। সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর নেতারা ঘটনাটিকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলেও বিদেশের মাটিতে বাংলাদেশের নাগরিকদের সম্মান ও মর্যাদা রক্ষার বিষয়টি তাঁদের বক্তব্যে গুরুত্ব পেয়েছে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম