এক বছর আগে বাংলাদেশের রাজপথ কাঁপানো গণবিক্ষোভের মধ্য দিয়ে শেখ হাসিনার শাসনের অবসান ঘটে। নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। তখন আশা জাগানো স্লোগান ছিল "নতুন শাসনে নতুন বাংলাদেশ।" কিন্তু আজ সেই আশার বিপরীতে দাঁড়িয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলছে: “মানবাধিকার সংকট এখনো কাটেনি, বরং নতুন রূপে চলছে।”
হাজার হাজার মানুষ গত বছর রাজপথে নেমে বাংলাদেশের কর্তৃত্ববাদী সরকারকে উৎখাত করেছিল। এরপর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এক বছর ধরে ক্ষমতায় আছে অন্তর্বর্তী সরকার। কিন্তু মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষার চ্যালেঞ্জিং কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে কি?
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংবাদ বিজ্ঞপ্তিটি গতকাল বুধবার এইচআরডব্লিউর ওয়েবসাইটে প্রকাশ করা করে।
এইচআরডব্লিউর মতে, শেখ হাসিনার আমলে রাষ্ট্রীয় দমন-পীড়ন, গুম, এবং রাজনৈতিক দমন নীতির বিরুদ্ধে যাঁরা রাস্তায় নেমেছিলেন, আজ তাঁদের অনেকে হতাশ। অন্তর্বর্তী সরকার ১১টি সংস্কার কমিশন গঠন করলেও এসব সুপারিশ এখনো বাস্তবায়িত হয়নি। জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও দেশি-বিদেশি মানবাধিকার কর্মীদের আহ্বান বারবার উপেক্ষিতই থেকে যাচ্ছে।
এইচআরডব্লিউ জানায়, বর্তমানে নির্বিচার গ্রেপ্তার ও নিরাপত্তা বাহিনীর হাতে নির্যাতনের ঘটনা বন্ধ হয়নি।
এইচআরডব্লিউর উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলির মতে, "ইউনূস সরকার একটি বড় সুযোগ পেয়েছিল বাংলাদেশের জন্য মানবাধিকারে টেকসই পরিবর্তন আনার। কিন্তু এখনো অনেক কিছু বাকি।"
তিনি আহ্বান জানান, “যাঁরা অতীতে নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদেরই উচিত এখন গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া।”
এইচআরডব্লিউর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনার আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে যে ভীতি, দমন-পীড়ন ও গুমের মতো ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটত, তার কিছুটা অবসান ঘটেছে বলে মনে হচ্ছে। তবে অন্তর্বর্তী সরকার কথিত রাজনৈতিক বিরোধীদের দমনে নির্বিচার আটক করছে। মানবাধিকার সুরক্ষায় তারা এখনো কাঠামোগত সংস্কার আনতে পারেনি।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, মানবাধিকারভিত্তিক গণতন্ত্র গড়ার আশায় এক বছর আগে যাঁরা শেখ হাসিনার নিপীড়নমূলক শাসনের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছিলেন, তাঁদের সেই আশা এখনো পূরণ হয়নি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
