পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দুর্গম ভৌগোলিক অবস্থান ও নেটওয়ার্ক সমস্যার কারণে জন্ম নিবন্ধনে শতভাগ সফলতা অর্জন সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। তিনি বলেন, “চ্যালেঞ্জ থাকলেও ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”
বুধবার (১৩ আগস্ট) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের কর্মকর্তাদের সাথে জন্ম নিবন্ধন সংক্রান্ত সভায় তিনি এসব কথা বলেন।
সভায় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের উপসচিব মুশফিকা ইফফাত, রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঋষিকেশ শীলসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ন্যায্যতা ও স্বচ্ছতার জন্য একটি সঠিক ও শুদ্ধ জন্ম নিবন্ধন সনদ প্রদান গুরুত্বপূর্ণ। জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা পূরণে সচেতনতা বৃদ্ধি এবং নিবন্ধনের সুফল জনসাধারণকে জানানো প্রয়োজন। নিবন্ধন প্রক্রিয়ায় বিদ্যমান চ্যালেঞ্জ সমাধানে আলোচনা ও সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপরও তারা গুরুত্বারোপ করেন, যাতে করে জন্ম নিবন্ধনের তথ্যের ভিত্তিতে নাগরিকদের জন্য কার্যকর কর্মপরিকল্পনা তৈরি করা যায়।
সভায় রাঙ্গামাটির বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবরাও তাদের মাঠপর্যায়ের নানা চ্যালেঞ্জ তুলে ধরেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
