ব্রাহ্মণবাড়িয়ায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণার দ্রুত বাস্তবায়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ‘ব্রাহ্মণবাড়িয়া সাধারণ শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থী ও রেডক্রিসেন্ট যুব ইউনিটের প্রধান ফাহিম মুনতাসীর। বক্তব্য রাখেন রেডক্রিসেন্ট এডহক কমিটির সদস্য শাহ আলম পালোয়ান, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থী সানিউর রহমান, সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তিষা রানী পুদ্দার, সরকারি কলেজের শিক্ষার্থী কাজী রায়হানসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
বক্তারা অভিযোগ করেন, ডিও লেটার প্রদান ও ঘোষণার পরও মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম শুরু না হওয়ায় জেলার স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বলেন, উচ্চশিক্ষার বিস্তারের স্বার্থে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় দ্রুত প্রতিষ্ঠা করা জরুরি।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
