টাঙ্গাইলের ভূঞাপুরে হতদরিদ্র পরিবারের দুই শিক্ষার্থীর শিক্ষাজীবন অব্যাহত রাখতে সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নগদ অর্থ সহায়তা দিয়ে ভবিষ্যতে তাদের পড়াশোনার পূর্ণ দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছে সংগঠনটি।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে জামায়াতে ইসলামের একটি প্রতিনিধি দল উপজেলার কুতুবপুর গ্রামের অসুস্থ ভ্যানচালক মো. হাসমত আলীর বাড়িতে গিয়ে এই সহায়তা প্রদান করে। সহায়তা পেয়েছে হাসমত আলী ও জহুরা বেগম দম্পতির মেয়ে হাসি খাতুন (১২) ও ছেলে রমজান ইসলাম (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, আর্থিক অনটনের কারণে বই-খাতা, খাবার ও বকেয়া ফি পরিশোধ করতে না পারায় দুই ভাইবোনের পড়াশোনা বন্ধ হয়ে যায়। বিষয়টি জানার পর উপজেলা জামায়াত আমীর আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে প্রতিনিধি দল ওই পরিবারের বাড়িতে যায়।
সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলার ওলামা পরিষদের অর্থ সম্পাদক হাফেজ মাওলানা মো. ইদ্রিস আলী, নিকরাইল ইউনিয়নের বেলুওয়া বাইনতায়ের ওয়ার্ড জামায়াত সভাপতি শাহাদত হোসেন এবং মাটিকাটা ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক হাসান আলী।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন অসুস্থতার কারণে আয়ের পথ বন্ধ থাকায় সন্তানদের পড়াশোনা বন্ধের সিদ্ধান্ত নিতে হয়েছিল। আজকের সহায়তা তাদের নতুন করে আশার আলো দেখিয়েছে।
হাফেজ মাওলানা মো. ইদ্রিস আলী বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। আল্লাহর সাহায্য ও মানুষের দোয়ার মাধ্যমে আমরা এই শিশুদের ভবিষ্যৎ গড়ে তুলতে চাই।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
