মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও ধর্মীয় সংগীতের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। শনিবার (১৬ আগস্ট) সকালে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, রাঙামাটির উদ্যোগে শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। ধর্মীয় আলোচক হিসেবে বাণী প্রদান করেন শ্রী শ্রী সনাতন ঋষি আশ্রম, বাঙ্গালহালিয়া, রাজস্থলী, রাঙামাটি পার্বত্য জেলার আশ্রম আধিপতি শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ।
শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ, রাঙামাটি জেলা শাখা ও জেলা পরিষদ সদস্য দয়াল দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর জোনের উপ-অধিনায়ক মো. তারেকুল ইমরান, বিএনপির রাঙামাটি জেলা সভাপতি দীপন তালুকদার দীপু, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জামায়াতে ইসলামী রাঙামাটির আমীর অধ্যাপক আব্দুল আলীমসহ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
স্বাগত বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ রাঙামাটি শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও পূজা উদযাপন পরিষদ রাঙামাটির সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য হাবীব আজম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলা সভাপতি অরূপ মুৎসুদ্দি, পূজা উদযাপন ফ্রন্ট আহ্বায়ক নন্দিতা দাশ, পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা সম্পাদক সুব্রত দে, পূজা উদযাপন ফ্রন্ট সদস্য সচিব সান্টু চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
পরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় রাঙামাটির বিভিন্ন এলাকার সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় গুরু, ভক্ত ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
