বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হয়েছে মেধাবৃত্তি পরীক্ষা। খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার ১০টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশ নেয়। অংশগ্রহণের দিক থেকে এটি দেশের অন্যতম বৃহৎ মেধাবৃত্তি পরীক্ষা হিসেবে উল্লেখযোগ্য রেকর্ড তৈরি করেছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার আল আশরাফ মামুন বলেন, “এই ধরণের উদ্যোগে দেশে এটাই প্রথম। আমরা প্রত্যন্ত অঞ্চলে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিতে সক্ষম হয়েছি। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ৩১ দফা নিয়ে পড়াশোনা করে তারা রাষ্ট্র কাঠামো সংস্কারের ইতিবাচক দিক সম্পর্কে ধারণা লাভ করেছেন। শিক্ষার্থীদের মতে, দফাগুলো বাস্তবায়িত হলে দেশ অনন্য উচ্চতায় পৌঁছাবে।
পরীক্ষার ফলাফলে সেরা ১০ জন শিক্ষার্থী এককালীন শিক্ষাবৃত্তি পাবেন। এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের উপহার হিসেবে শিক্ষা সামগ্রী প্রদান করা হবে। শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে ৩৫০ জন শিক্ষক, ৩০০ স্বেচ্ছাসেবক, পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।
আগামী ২০ সেপ্টেম্বর মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে আয়োজক সূত্রে জানানো হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
