দেশের সবচেয়ে বড় উপজেলা হওয়া সত্ত্বেও রাঙ্গামাটির বাঘাইছড়িতে এখনো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপিত হয়নি। ফলে প্রায় প্রতিবছর অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এ অবস্থায় জরুরি ভিত্তিতে পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন তারা।
রবিবার (১৭ আগস্ট) সকালে রাঙ্গামাটি শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন বাঘাইছড়ির স্থায়ী বাসিন্দা অ্যাডভোকেট মো. রহমত উল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জিল্লুর রহমান, মো. রেজাউল করিম, মো. আল আমিন, মো. আলমগীর, মো. রকিফুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ উপজেলা বাঘাইছড়ি হলেও এখানে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় জনগণ দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন। জনবহুল ও গুরুত্বপূর্ণ উপজেলা হওয়া সত্ত্বেও সরকারের পক্ষ থেকে কেবল আশ্বাস মিলেছে, কিন্তু বাস্তবায়ন হয়নি।
বক্তারা আরও বলেন, জনগণের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে অবিলম্বে বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন করতে হবে। পাশাপাশি অগ্নি নির্বাপণ ও উদ্ধার কাজে দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও যানবাহন সরবরাহ এবং স্থানীয় জনগণের জন্য নিয়মিত ফায়ার সেফটি প্রশিক্ষণ কার্যক্রম চালুর দাবি জানান তারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
