জুলাই আন্দোলনে সাহসিকতার ভুয়া তথ্যে ফরিদপুরের দুই সাংবাদিককে “সাহসী সাংবাদিক” সম্মাননা দেওয়ার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও তথ্য উপদেষ্টার কাছে স্বারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। তারা দাবি করেন, সম্মাননা প্রাপ্ত ব্যক্তি শেখ ফয়েজ আহমেদ জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার মামলার আসামী। অপরজন, চরভদ্রাসনের ইমরান হোসাইন, জিটিভি’র স্টাফ রিপোর্টার হিসেবে পরিচিত হলেও স্থানীয় সাংবাদিকদের মতে তিনি সেখানে মাঠ পর্যায়ে কাজ করেননি।
মানববন্ধনে বক্তারা সম্মাননা প্রত্যাহারের পাশাপাশি অভিযুক্ত সাংবাদিক শেখ ফয়েজের গ্রেফতারের দাবিও জানান। তারা জানান, দাবি বাস্তবায়ন না হলে আরও কর্মসূচি নেওয়া হবে।
মানববন্ধনের শেষে জেলা প্রশাসকের মাধ্যমে তথ্য উপদেষ্টার কাছে স্বারকলিপি প্রদান করা হয়। অনুষ্ঠানে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী, দৈনিক ফতেহাবাদের নির্বাহী সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, প্রবীণ সাংবাদিক মফিজ ইমাম মিলন সহ অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
