অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) সকালে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি কটিয়াদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাউছার মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা হ্যাচারি কর্মকর্তা মো. মঞ্জুরুল হক, জামায়াতে ইসলামী উপজেলা শাখার নায়েবে আমির সাইদুল হক বিএসসি, মুমুরদিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তারসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মৎস্য খামারি ও মৎস্যজীবীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্য চাষের মাধ্যমে বেকারত্ব দূর হচ্ছে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন মৎস্যচাষিরা। সরকারের নানামুখী উদ্যোগে দেশে মৎস্য উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সফল মৎস্যচাষি ও উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
