ভৈরবে ইতালি প্রবাসী মোমেনা আক্তার নীলি তার ক্রয়কৃত জমি দখলের চেষ্টা ও ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে এক সংবাদ সম্মেলন করেছেন। সোমবার দুপুরে কমলপুরে নিজস্ব জমিতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে নীলি জানান, তার বাবা ১৯৮৬ সালে কমলপুর মৌজার ৩১৬৭ দাগ থেকে শামসুল হকের নিকট থেকে সোয়া ২১ শতাংশ এবং ১৯৮৭ সালে একই ব্যক্তির কাছ থেকে ১৬ শতাংশ জমি ক্রয় করেন। পরে ২০০৮ সালে তাদের বোনের কাছ থেকে ৫ শতাংশ জমি কেনার পর একই বছরে তিনি তার বাবার কাছ থেকে ওই জমি ক্রয় করেন।
অভিযোগে তিনি বলেন, আদালতের বৈধ অনুমতি নিয়ে জমিতে বাউন্ডারি দেয়াল নির্মাণকালে ভূমিদস্যু রফিক, কাউসার, মোজাম্মেল ও জাকির গংরা বাধা দেয় এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। শুধু তাই নয়, তারা ভুয়া ওয়ারিশ সাজিয়ে নানা হয়রানি ও হুমকি দিচ্ছে। এমনকি সাংবাদিক সম্মেলন করে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করে তার মানহানিও করছে।
সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন মো. চুন্নু মিয়া, গজারিয়া ইউনিয়নের সাবেক মেম্বার তৌহিদ মিয়াসহ পরিবারের সদস্যরা। তারাও একই অভিযোগ তুলে সরকারের কাছে বিচার দাবি করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
