জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার শীর্ষক মতবিনিময় সভা খুলনায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ) মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক বিপুল কুমার বসাক। তিনি বলেন, মানসম্মত মৎস্যপণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ আরও বাড়ানো সম্ভব। তবে পণ্যে অপদ্রব্য মেশানো বা মান নিয়ন্ত্রণে ঘাটতি থাকলে আন্তর্জাতিক বাজার হারানোর ঝুঁকি থাকবে।
সভায় জানানো হয়, ২০২৩-২৪ অর্থবছরে দেশে মোট মাছ উৎপাদন হয়েছে ৫০.১৮ লাখ মেট্রিক টন। এ খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুই কোটিরও বেশি মানুষ জড়িত, যার মধ্যে প্রায় ১৪ লাখ নারী রয়েছেন। দেশের জিডিপিতে মৎস্যখাতের অবদান ২.৫৩ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে ২২.২৬ শতাংশ। ইলিশ আহরণে বাংলাদেশ বিশ্বে প্রথম, মুক্ত জলাশয়ে মাছ আহরণে দ্বিতীয় ও তেলাপিয়া উৎপাদনে পঞ্চম অবস্থানে রয়েছে। গত অর্থবছরে প্রায় ৬ হাজার ১৪৫ কোটি টাকার সমমূল্যের ৯১ হাজার মেট্রিক টন মাছ ও মৎস্যজাত পণ্য বিদেশে রপ্তানি হয়েছে।
অনুষ্ঠানে অতিথিরা আরও বলেন, দেশের রপ্তানি আয় বৃদ্ধির জন্য পোনা সংগ্রহ, চাষ, আহরণ, বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণের প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণ কঠোরভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে গৃহীত উদ্যোগগুলোর কার্যকর বাস্তবায়নের উপরও গুরুত্বারোপ করা হয়।
বিএফএফইএ’র সাবেক সহসভাপতি এস. হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান, মৎস্য অধিদপ্তরের কোয়ালিটি কন্ট্রোল ল্যাবের কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার মো. জাহিদুল হাসান এবং মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. আবুল হাসান। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন মান নিয়ন্ত্রণ কর্মকর্তা লিপ্টন সরদার।
মতবিনিময় সভায় খুলনা অঞ্চলের মাছচাষি, ব্যবসায়ী ও রপ্তানিকারকসহ মৎস্যখাত-সংশ্লিষ্টরা অংশ নেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
