পেঁয়াজের ইমপোর্ট পারমিট (আইপি) উন্মুক্ত করে হঠাৎ বন্ধ করে দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ।
বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৪ আগস্ট সরকার পেঁয়াজের আইপি উন্মুক্ত করে দেয়। কিন্তু হঠাৎ করেই আবার আইপি বন্ধ করে দেয়ায় আমদানিকারকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। আইপি ইস্যু হওয়ার পর অনেক আমদানিকারক ভারত থেকে পেঁয়াজ ক্রয় করেছেন। হঠাৎ সিদ্ধান্তে সীমান্তের ওপারে অন্তত ১০০ থেকে ১৫০টি পেঁয়াজবোঝাই ট্রাক পাইপলাইনে আটকে আছে।
তিনি আরও বলেন, যেসব আমদানিকারক ইতোমধ্যে আইপির জন্য আবেদন করে ভারতে পেঁয়াজবোঝাই ট্রাক লোড করেছেন, তাদের জন্য বিশেষ বিবেচনায় আমদানি অনুমোদন দেয়ার দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলাম, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, আমদানিকারক ওয়াহেদুর রহমান রিপন, হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান প্রমুখ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
