পঞ্চগড়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা “এন্ট্রিপদ নবম গ্রেড” নিশ্চিতকরণে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বুধবার (২০ আগস্ট) দুপুরে জেলা শহরের শেরে বাংলা পার্কের পাশে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের পাশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশ নেন। তারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে মাধ্যমিক শিক্ষকদের ন্যায্য মর্যাদা এবং পদোন্নতির সুনির্দিষ্ট কাঠামো নিশ্চিত করার দাবি জানান। বক্তারা বলেন, একই শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকে দশম গ্রেডে এন্ট্রি পান, যা বৈষম্যমূলক। দ্রুত সময়ের মধ্যে নবম গ্রেডে এন্ট্রিপদ এবং প্রধান শিক্ষক পর্যন্ত চারস্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়নের দাবি জানান তারা।
মানববন্ধনে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম, আবু তালেব, আফজাল হোসেন, বিষ্ণু প্রসাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল ইসলাম অপু, দেবীগঞ্জ অলদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
