কাপ্তাই লেকের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছানোয় ফের দ্বিতীয় দফায় কর্ণফুলীতে পানি ছাড়া শুরু করেছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।
বুধবার (২০ আগস্ট) রাত ৮টা থেকে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট ছয় ইঞ্চি করে খুলে পানি ছাড়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।
তিনি জানান, মঙ্গলবার রাত ১০টায় পানি ছাড়ার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় তা একদিন পিছিয়ে বুধবার রাত ৮টায় গেট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে হ্রদের পানির উচ্চতা ১০৮.৩৫ এমএসএল, যা সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ এমএসএলের কাছাকাছি।
এদিকে কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে আরো ৩২ হাজার কিউসেক পানি নির্গত হচ্ছে। ফলে মোট ৪১ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২২০ মেগাওয়াট।
উল্লেখ্য, এর আগে ৫ আগস্ট গভীর রাতে পানির চাপ বেড়ে যাওয়ায় ১৬টি গেট খোলা হয়েছিল। পরবর্তীতে পানির উচ্চতা কমে আসায় ১২ আগস্ট সকালে সেগুলো বন্ধ করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
