দীর্ঘ ২২ বছর পর কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মাঠে আয়োজিত সম্মেলনে কণ্ঠভোটে শেখ মুজিবুর রহমান ইকবাল সভাপতি এবং মনিরুজ্জামান মনির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি মোঃ শরীফুল আলম। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ বিভাগের প্রধান সমন্বয়কারী হাবিব উন-নবী খান সোহেল বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের শক্তিই বিএনপির সবচেয়ে বড় শক্তি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, যুগ্ম সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সহ-সভাপতি জাহাঙ্গীর মোল্লা, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ ইসরাইল, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাজী মোঃ মাসুক, পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়া, নিকলী উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. বদরুল মোমেন মিঠু, কটিয়াদি উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দীলিপসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনকে ঘিরে সকাল থেকেই শহর ও ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা মিছিল, ব্যানার ও ফেস্টুন নিয়ে মাঠে সমবেত হন। শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা, আর তোরণ ও জমায়েতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
