রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেছেন, কাপ্তাই হ্রদ প্রথমে মাছ উৎপাদনের জন্য ব্যবহৃত হলেও বর্তমানে এটি পর্যটন বিকাশে বড় ভূমিকা রাখছে। মানুষ রাঙ্গামাটিতে এসে প্রকৃতি, হ্রদ, ঝর্ণা দেখতে চান এবং খরচ করতে আগ্রহী। কিন্তু আমরা সে অনুযায়ী প্রস্তুত নই। তাই রাঙ্গামাটিকে আরও পর্যটনবান্ধব করতে এই প্রশিক্ষণের আয়োজন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১১টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে মাসব্যাপী “ট্যুর গাইড অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট”প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী খন্দকার মো. রিজাউল করিম, রাঙ্গামাটি ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোসা. হাবিবা, জেলা পরিষদের ভূমি কর্মকর্তা উজালা চাকমা, সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান ও নাইপ্রু মারমা।
কাজল তালুকদার আরও জানান, ইউএনডিপির আইএলও প্রকল্প থেকে পর্যটকদের জন্য নির্দেশনামূলক অফিস ও শাখা স্থাপন করা হবে, যাতে ভ্রমণকারীরা সহজে তথ্য পেতে পারেন।
সভাপতি হাবীব আজম বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় যুব সমাজ পর্যটন ও হসপিটালিটি ম্যানেজমেন্টে দক্ষ হয়ে উঠবে, যা রাঙ্গামাটির পর্যটন খাতের সম্ভাবনাকে এগিয়ে নেবে।
প্রথমবারের মতো জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে ৪০ জন অংশ নিচ্ছেন। আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসেপ্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
