ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরি ও ফ্রিজে রান্না করা খাবারের সঙ্গে কাঁচা মাছ সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেলে শহরের দুর্জয় মোড় বাসস্ট্যান্ড ও স্টেডিয়াম এলাকার কয়েকটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ জরিমানা করেন।
অভিযানে সহযোগিতা করেন—কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।দুর্জয় মোড় বাসস্ট্যান্ডের আল আজিজিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রান্না করা খাবারের সঙ্গে কাঁচা মাছ রাখার কারণে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
শহরের স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অনুমোদনবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদনের দায়ে অপর এক প্রতিষ্ঠানকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় বিপুল পরিমাণ অনিরাপদ শিশু খাদ্য জব্দ করে ধ্বংস করা হয়।
এ বিষয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও নিরাপত্তাহীন সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
