পিরোজপুরের জিয়ানগর উপজেলার প্রত্যন্ত গ্রাম বালিপাড়া ইউনিয়নের ঢেপশাবুনিয়ায় হতদরিদ্র শাহিনুর বেগম বহু বছর ধরে ভাঙা পলিথিনঘেরা ঝুপড়ি ঘরে পাঁচ সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছিলেন। স্বামী বাবুল খাঁ দীর্ঘদিন ধরে ভারতে থাকলেও তার কোনো খোঁজ-খবর রাখেন না। সংসার চালাতে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন শাহিনুর। ঝড়-বৃষ্টি হলেই নিরাপদ আশ্রয়ের অভাবে দুঃসহ সময় কাটাতে হতো তাকে।
অবশেষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে একটি নতুন ঘর উপহার দেওয়া হয়। সোমবার (২৫ আগস্ট) বিকেলে ঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন ও চাবি হস্তান্তর করা হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার।
স্থানীয় সাংবাদিক ও নেতাকর্মীদের মাধ্যমে শাহিনুরের দুরবস্থার খবর জানতে পেরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক, দৈনিক কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক ও পিরোজপুরের সন্তান হাফিজ আল আসাদ সাঈদ খান এ উদ্যোগ নেন।
শাহিনুর বেগম আবেগাপ্লুত কণ্ঠে বলেন,ভাঙা ঘরে অসহায়ভাবে বহু বছর জীবন কাটিয়েছি। ঝড়-বৃষ্টি এলে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হতো। কখনও ভাবিনি আমারও একটি নিরাপদ ঘর হবে। এ ঘর উপহার দেওয়ার জন্য আমি তারেক রহমান ও সাঈদ খানের প্রতি চিরকৃতজ্ঞ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও প্যানেল চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল তালুকদার, সদস্য সচিব ও ইউপি সদস্য আব্দুল জলিল শেখ, উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও জাসাসের নেতাকর্মীরা।
শেষে স্থানীয় মসজিদের ইমাম খালিদ সাইফুল্লাহ দোয়া-মোনাজাত পরিচালনা করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
