পিরোজপুর: পিরোজপুরের জিয়ানগর (ইন্দুরকানি) উপজেলার প্রত্যন্ত গ্রাম ঢেপশাবুনিয়া। এই গ্রামের হতদরিদ্র নারী শাহিনুর বেগমের জীবনে নতুন আশার আলো জ্বালালো একটি নতুন ঘর। দীর্ঘদিন ধরে স্বামী অনুপস্থিত, পাঁচ সন্তান নিয়ে একটি পলিথিন মোড়ানো ঝুপড়ি ঘরে মানবেতর জীবন কাটানো এই নারী অবশেষে পেয়েছেন একটি নিরাপদ মাথা গোঁজার ঠাঁই।
শাহিনুরের এই ঘর নির্মাণে সহায়তা করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (ZRF)। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ফাউন্ডেশনের পরিচালক, দৈনিক কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক এবং পিরোজপুরের সন্তান সাঈদ খান এর উদ্যোগে এ ঘর নির্মাণ করা হয়।
স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের মাধ্যমে শাহিনুর বেগমের দুরবস্থার খবর জানতে পেরে সাঈদ খান বিষয়টি ফাউন্ডেশনের কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর তারেক রহমানের নির্দেশে ফাউন্ডেশন শাহিনুরের জন্য উপহারস্বরূপ একটি নতুন ঘর নির্মাণের সিদ্ধান্ত নেয়।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে ঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন ও চাবি হস্তান্তর করা হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘর উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার।
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত শাহিনুর বেগম বলেন,
ভাঙা ঘরে বহু কষ্টে বাচ্চাদের নিয়ে দিন কাটিয়েছি। ঝড়-বৃষ্টি হলে অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হতো। কখনও কল্পনাও করিনি আমার নিজের একটি ঘর হবে। আমি তারেক রহমান ও সাঈদ খানের কাছে চিরকৃতজ্ঞ। আল্লাহ যেন তাদের ভালো রাখেন।
এ সময় স্থানীয় নেতাকর্মীরা জানান, সাধারণত রাজনৈতিক নেতারা দলীয় কর্মসূচিতে সীমাবদ্ধ থাকেন, তবে তারেক রহমান মানবিকতার যে উদাহরণ স্থাপন করেছেন, তা সমাজের জন্য অনুকরণীয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
