চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গুলশানপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—তৈয়ব আলীর ছেলে মিরাজ (১৯), যিনি ঘটনাস্থলেই নিহত হন, এবং তৈয়ব আলী (৫৫), যিনি পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ১০ কাঠা জমি নিয়ে জহুরুল ইসলাম দুখুর ছেলে হাসান আলী বাবু (৪৫) ও তার ভাই তৈয়ব আলীর মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার ওই জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে, হাসান আলী বাবু ও তার ভাগ্নে রাজিব (৩১) সহ আরও ২-৩ জন ধারালো অস্ত্র নিয়ে মিরাজ ও তৈয়ব আলীর উপর হামলা চালায়।
এলোপাতাড়ি কোপে মিরাজ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত তৈয়ব আলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল হয়ে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়ার পথে ঘোড়ামারা ব্রিজ এলাকায় তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার পর হামলাকারী হাসান আলী বাবু ও তার ভাগ্নে রাজিবকে পালানোর সময় স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশ।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন,
"জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।"
স্থানীয়দের মধ্যে এ ঘটনা নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
