ভারতে পাচারের আগেই চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে ১ কোটি ৭২ লাখ ১৫ হাজার ১৮২ টাকার ১ কেজি ১৬২ গ্রাম ওজনের ৮টি অবৈধ স্বর্ণের বারসহ দু’জন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি।
আটককৃত পাচারকারীরা হলেন দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুল মমিন (৪৯) ও মরহুম খোদা বক্সের ছেলে আবুল কালাম আজাদ (৪৭)। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি লাল রঙের বাজাজ ডিসকভার মোটরসাইকেল ও একটি বাটন ফোন জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক হায়দার আলী মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যে জানতে পারেন যে, দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সীমান্তবর্তী ছয়ঘরিয়া গ্রাম ব্যবহার করে স্বর্ণ পাচার করা হবে।
গোপন সংবাদ পাওয়ার পর সকাল ৮টায় বিজিবির একটি সশস্ত্র দল সীমান্ত পিলার ৭৯ হতে প্রায় ১,২০০ গজ অভ্যন্তরে ছয়ঘরিয়া গ্রামের রাস্তার ওপর অবস্থান নেয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে দুইজনকে সীমান্তের দিকে যেতে দেখে থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাদের আটক করতে সক্ষম হয়। পরে আব্দুল মমিনের কোমরে মোড়ানো অবস্থায় আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
পাচারকারীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা ওই স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিল।
ঘটনার পর হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেছেন এবং আটক পাচারকারীদের থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
