গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের মাঝিপাড়ায় নদী রক্ষা প্রকল্পের কাজে ব্যবহৃত ট্রাক্টরের চাপায় ইন্দু বালা (৬৫) নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। তিনি ওই এলাকার সিমন্ত সাধুর স্ত্রী।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে নদী ডান তীর রক্ষা প্রকল্পের ১ নম্বর সাইটে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মাঝিপাড়া ব্রিজ এলাকায় ট্রাক্টর চালক অসাবধানতাবশত পেছনে নেওয়ার সময় ময়লা ফেলতে আসা ইন্দু বালাকে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার প্রাথমিক তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্প এলাকায় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তারা দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
