কিশোরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি টুলকিটএর মোড়ক উন্মোচন ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পিপলস অরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) পার্ট মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল গণি, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী এবং সহ-সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল।
প্রধান অতিথি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে কেবল আইন প্রয়োগ নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা, শিক্ষার প্রসার এবং কমিউনিটি পর্যায়ে কার্যকর উদ্যোগ।
দিনব্যাপী কর্মশালায় ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইন সম্পর্কে আলোচনা, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, মূল কারণ বিশ্লেষণ ও প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়।
সমাপনী বক্তব্যে পপির জেলা সমন্বয়ক মো. ফরিদুল আলম বলেন, এ কর্মশালা শুধু আলোচনা নয়, বরং সামাজিক পরিবর্তনের সূচনা। সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তুলতে পারব।
কর্মসূচি পরিচালনা করেন পপির জেলা সমন্বয়ক মো. ফরিদুল আলম, কনসোর্টিয়াম কো-অর্ডিনেটর কাজী আব্দুল্লাহ রিজভান এবং ইমপ্লিমেন্টেশন অফিসার মাহমুদ মীম।
মালালা ফান্ডের অর্থায়নে জয়েন্ট অ্যাকশন গ্র্যান্ট প্রকল্পের আওতায় এ কর্মশালা আয়োজন করে পপি ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।
অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটি সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, কাজী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রায় ৫০ জন প্রতিনিধি অংশ নেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
