ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি জাহিদুল হক জাবেদ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলন করেছেন। চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে তিনি চেম্বারের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
জাহিদুল হক জাবেদ জানান, গত এক বছর ধরে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতির অনুপস্থিতির কারণে চেম্বারের গুরুত্বপূর্ণ কাজ স্থবির হয়ে আছে। এমনকি ব্যাংক লেনদেন বন্ধ থাকায় সদস্যদের চাঁদা গ্রহণ, কর্মচারীদের বেতন প্রদান ও এজিএম আয়োজনও সম্ভব হয়নি।
তিনি বলেন, গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ধারাবাহিক সভায় উপস্থিত না থাকায় তাদের পদ শূন্য ঘোষণা করে কার্যনির্বাহী পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তে তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থে আগামী বছর টার্মিনাল ঘাট ফ্রি করার চেষ্টা করা হবে, যাতে বাইরের ব্যবসায়ীরা পণ্য ক্রয়ে ভৈরবে এসে হয়রানির শিকার না হন। এছাড়া, দলীয় সরকার ক্ষমতায় এলে ভৈরব জেলা বাস্তবায়নে বৃহৎ আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন চেম্বারের পরিচালক তানভীর আহমেদ, ভৈরব টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, ভৈরব প্রেসক্লাব আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আমিন, সদস্য সচিব সোহেলুর রহমান সোহেল এবং প্রথম আলোর ভৈরব প্রতিনিধি মো. সুমন মোল্লা প্রমুখ।
চেম্বারের অন্যান্য পরিচালক এবং সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
