দক্ষিণ সুদানের জুবা ও মালাকালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট (ব্যানএফএমইউ-১০) এর ১৯৯ জন সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত হয়েছেন। এ উপলক্ষে বুধবার জুবায় ব্যানএফএমইউ-১০ কন্টিনজেন্টের মেডেল প্যারেড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাতিসংঘ মিশন ইন সাউথ সুদান (আনমিস) এর ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহান সুব্রামানিয়াম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের হাতে পদক তুলে দেন। এ সময় আনমিস সদর দপ্তরের কর্মকর্তা, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।
ফোর্স কমান্ডার তার বক্তব্যে দক্ষিণ সুদানের প্রতিকূল পরিবেশে সাহসিকতা ও দক্ষতার সঙ্গে অপারেশন পরিচালনার জন্য বাংলাদেশ নৌবাহিনীর ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, নীল নদের সংঘাতপূর্ণ এলাকায় জাতিসংঘের জ্বালানি, খাদ্যদ্রব্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য পরিবহণে বাংলাদেশ কন্টিনজেন্ট অসামান্য অবদান রেখেছে। এছাড়া নিয়মিত টহল, রেকি অপারেশন, উদ্ধার কার্যক্রম, ডাইভিং অপারেশন এবং নদী পথে জাতিসংঘ সংস্থাগুলোকে পরিবহণ ও নিরাপত্তা প্রদানের দায়িত্বও প্রশংসনীয়ভাবে পালন করছে তারা।
তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনী দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিচ্ছে। আনমিসের একমাত্র মেরিন ফোর্স হিসেবে তারা নীল নদের বিস্তৃত অঞ্চলে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এখন পর্যন্ত নৌবাহিনীর কন্টিনজেন্ট ১,৩১১ কিলোমিটার দীর্ঘ নীল নদ পাড়ি দিয়ে ৭১টি লজিস্টিক অপারেশন সফলভাবে সম্পন্ন করেছে। পাশাপাশি দক্ষিণ সুদান সরকার ও জনগণের উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
