পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য জশনে জুলুসের আয়োজন করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর রিজার্ভ বাজার থেকে শুরু হওয়া শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপায় সমাপ্ত হয়। জুলুসে হাজারো মানুষ ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।
জশনে জুলুসের নেতৃত্ব দেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রধান ফকিহ আলহাজ মাওলানা আবদুল ওয়াজেদ। রাঙ্গামাটি জেলা গাউসিয়া কমিটির আহবায়ক হাজী আলী আকবর সওদাগরের সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম জাহাঙ্গীরের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বনরূপা জামে মসজিদের খতিব মাওলানা ইকবাল হোসাইন আল ক্বাদেরী, রিজার্ভ বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবু নওশাদ নঈমী সহ অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্বরা।
এতে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম, তৈয়বিয়া আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আখতার হোসেন চৌধুরী এবং এলাকার বিভিন্ন মসজিদের খতিবগণ। শেষে বনরূপা জামে মসজিদে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপনের সিদ্ধান্তে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। তারা বলেন, নবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য আদর্শ শিক্ষাদাতা হিসেবে আবির্ভূত হয়েছেন এবং তাঁর শিক্ষার মাধ্যমে শান্তি, সৌহার্দ্য ও সাম্য প্রতিষ্ঠার বার্তা দেয়া হয়েছে।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
