ভৈরবে ব্রাজিল প্রবাসী ইকবাল মিয়ার নির্মাণাধীন ভবনকে ঘিরে চাঁদা দাবী, হামলা, প্রাণনাশের হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে প্রবাসীর পরিবার।
শনিবার দুপুরে ভৈরব প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রবাসীর ভাই হাজী মো. গিয়াস উদ্দিন এসব অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, গত ২৫ আগস্ট ভৈরব থানায় মামলা (নম্বর–২৭) দায়ের করা হলেও এখনো কোনো আসামিকে পুলিশ গ্রেফতার করেনি।
অভিযোগের বিবরণ
আনোয়ারা জেনারেল হাসপাতালের বিপরীতে ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকায় ১০ তলা ভবনের নির্মাণ কাজ চলছে, বর্তমানে নবম তলার কাজ শেষ পর্যায়ে।
২১ আগস্ট বৃহস্পতিবার স্থানীয় প্রভাবশালী রায়হান মিয়া নেতৃত্বে কয়েকজন লোক ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে।
টাকা না দেওয়ায় নির্মাণসামগ্রী ভাঙচুর, শ্রমিকদের মারধর ও প্রাণনাশের হুমকি দেয়া হয়।
এতে প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকার ক্ষতি হয় বলে দাবি করেন গিয়াস উদ্দিন।
সংবাদ সম্মেলনে বক্তব্য
হাজী গিয়াস উদ্দিন বলেন আমি আইন মেনে জমি কিনে ভবন নির্মাণ করছি। অথচ প্রভাবশালী মহল কোটি টাকার চাঁদা চাইছে। না দিলে কাজ বন্ধ করবে, এমনকি আমাকে হত্যার হুমকি দিয়েছে। মামলা করেছি, কিন্তু এখনও নিরাপত্তাহীনতায় ভুগছি।
ভবনের কন্ট্রাক্টর রিয়াজ গাজী বলেন
রায়হান ও তার লোকজন এসে শ্রমিকদের মারধর করেছে এবং কাজ বন্ধ রাখার কথা বলেছে।
অভিযুক্ত রায়হান মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন
তিনি দাবি করেন, তিন বছর আগে ইকবাল মিয়া তাকে আমেরিকা পাঠানোর নাম করে ৫০ লাখ টাকা নিয়েছিলেন, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করেননি।
পরে ব্রাজিলে পাঠানোর প্রতিশ্রুতিও রক্ষা না করায় তিনি ক্ষুব্ধ হন।
তার পরিবারের পৈত্রিক জমির অংশও ইকবালের কাছে বিক্রি হয়েছে, সেখানে নির্মাণ কাজ চলছে।
রায়হানের দাবি, তিনি শুধু নিজের পাওনা টাকা ফেরত চেয়েছেন, কিন্তু উল্টো তাকে চাঁদাবাজ হিসেবে অভিযুক্ত করে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
ভৈরব মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন মামলাটি রুজু হয়েছে, তদন্ত চলছে। খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
