খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, দেশে একটি গভীর চক্রান্ত চলছে। ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনকে বাধাগ্রস্ত করতে কিছু গোষ্ঠী চেষ্টা করছে। ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃস্থাপনের জন্য ঐক্যবদ্ধ হওয়াই একমাত্র বিকল্প।
শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় বিএনপি কার্যালয়ে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শেষ প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। তুহিন বলেন, গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর হামলা ও কাকরাইলে ঘটে যাওয়া সহিংস ঘটনা দেশের মানুষের জন্য একটি বার্তা মাত্র। আমরা এখন নির্বাচনের এক অত্যন্ত নাজুক সময়ে আছি। আমাদের নিশ্চিত করতে হবে, আজকের মতো অস্থিতিশীল ঘটনা ছড়িয়ে না পড়ে এবং গণতন্ত্রের পথে এগোনো ব্যাহত না হয়।
তিনি আরও বলেন, গণতন্ত্রপন্থী অংশীজনদের—যার মধ্যে বিএনপি ও এর মিত্ররাও রয়েছে সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা জয়ী হবে। দেশকে মবের শাসন ও বর্তমান অস্থিরতার শৃঙ্খল থেকে বের করতে হবে। নির্বাচনের বিরোধিতা করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।
সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশীদ চৌধুরী মিরাজ, থানা সভাপতি কে এম হুমায়ূন কবির, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, থানা সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, যুবদলের আব্দুল আজিজ সুমন, ছাত্রদলের সৈয়দ ইমরান, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
