রাজধানীর মিরপুরে চীনা নাগরিক Ren Jie-এর ছিনতাই হওয়া ডলার ও ওয়ালেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেফতারও করা হয়েছে।
আজ (৩১ আগস্ট ২০২৫) উদ্ধারকৃত টাকা আনুষ্ঠানিকভাবে ওই চীনা নাগরিকের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, গত ১৭ আগস্ট মিরপুর-১০ এলাকায় Ren Jie-এর ওয়ালেট ছিনতাই হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বন্ধু বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানার একটি চৌকস টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শুরু করে।
ফুটেজে শনাক্ত হওয়া সাব্বির নামে এক যুবককে ধরতে রূপনগরের চলন্তিকা বস্তিতে অভিযান চালায় পুলিশ। তাকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও এক আসামিকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় ভুক্তভোগীর ডলার ও ওয়ালেট উদ্ধার সম্ভব হয়।
হাতে টাকা ও ওয়ালেট ফিরে পেয়ে ভুক্তভোগী Ren Jie বাংলাদেশ পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন,
ভিনদেশি নাগরিক নয়, সকল ভুক্তভোগীর অভিযোগকেই সমান গুরুত্ব দিয়ে পুলিশ কাজ করে থাকে। অপরাধী যেই হোক না কেন, চোর-ছিনতাইকারীসহ সব অপরাধীর বিরুদ্ধেই পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
