কটিয়াদী (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কটিয়াদীতে অনলাইন জুয়ার আসক্তি থেকে মুক্তি পেতে দুধ দিয়ে প্রতীকী গোসল করে জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিয়েছেন আল আমিন (৩০) নামে এক যুবক। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে এ ঘটনা ঘটে। গোসলের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
আল আমিন কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের অষ্টগড়িয়া গ্রামের সুলতান উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন পিকআপচালক এবং মালিক। এর আগে তিনি দুটি টমটম ও দুটি পিকআপের মালিক ছিলেন।
জুয়ার কারণে সর্বস্বান্ত
স্থানীয় সূত্রে জানা যায়, গত এক বছর ধরে অনলাইন অ্যাপসের মাধ্যমে জুয়া খেলায় আসক্ত হন আল আমিন। এ সময় তিনি প্রায় ৮ লাখ টাকা হারান। এমনকি আসক্তির কারণে একটি টমটম ও একটি পিকআপ বিক্রি করে দেন। বর্তমানে অর্থনৈতিকভাবে তিনি প্রায় নিঃস্ব।
পরিবারের বক্তব্য
আল আমিনের চাচা এখলাস মিয়া বলেন,
"লিমন (আল আমিন) আগে আমার সঙ্গে মেশিনারিজ ব্যবসা করত। কর্মঠ থাকায় টমটম ও পিকআপ কিনে সংসার ভালোই চলছিল। কিন্তু জুয়ার নেশায় পড়ে দুটি গাড়ি বিক্রি করেছে। এখন দুর্বল হয়ে পড়েছে। আমাদের প্রতিশ্রুতি দিয়েছে আর কোনোদিন জুয়া খেলবে না। তাই স্থানীয়দের সামনে ৬ কেজি দুধ দিয়ে গোসল করেছে। আমরা দোয়া করি সে যেন আর জুয়ার নেশায় না যায়।"
আল আমিনের প্রতিশ্রুতি
আল আমিন জানান,
"স্থানীয়দের দেখে অনলাইন জুয়া খেলা শুরু করি। ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ি। গত এক বছরে ৮ লাখ টাকা খুইয়েছি। চারটি গাড়ির মধ্যে দুটি বিক্রি করেছি। এখন বুঝতে পারছি, আমার জীবন ধ্বংসের পথে গেছে। তাই আজ প্রতিজ্ঞা করছি, যতদিন বাঁচব আর কোনোদিন জুয়া খেলব না। সকলের কাছে দোয়া চাই।"

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
