নিজস্ব প্রতিবেদক:
জুলাই-অগাস্টের রাজনৈতিক পরিবর্তনের পরও থেমে নেই রাজধানীর ভাষানটেকের শীর্ষ সন্ত্রাসী কিলার ইব্রাহিম ও তার চক্রের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড। এলাকাবাসীর অভিযোগ, সরকার পরিবর্তনের আগে আওয়ামী লীগ নেতাকর্মীদের ছত্রছায়ায় এবং এখন বিএনপির প্রভাবেও একইভাবে চাঁদাবাজি ও জমি দখলের ঘটনা ঘটছে।
গত বছর পশ্চিম ভাষানটেকে ব্যাংক কর্মকর্তা বেলায়েত হোসেনের বাড়ি ভেঙে দেয় ইব্রাহিমের সহযোগীরা। অভিযোগ, ৩০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় তার বাড়ি চুরমার করা হয়। বেলায়েত বলেন, “৫ আগস্টের পর ভেবেছিলাম নিরাপত্তা পাবো, কিন্তু আবারও ইব্রাহিমের লোকজন শ্রমিকদের কাজ করতে দিচ্ছে না, সাইনবোর্ড ও দেয়াল ভেঙে ফেলছে।”
ভাষানটেক-কাফরুল এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় এই চক্র জমি দখল, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ব্যবসা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও খুনখারাবিতে জড়িত। স্থানীয়দের অভিযোগ—চক্রটি কালা জাহাঙ্গীর ও কিলার ইব্রাহিমের নাম ব্যবহার করে এলাকায় দাপট চালাচ্ছে।
একাধিক মামলা ও জিডি থাকা সত্ত্বেও চক্রটির দাপট কমেনি। স্থানীয় বাসিন্দা বেলায়েত হোসেন জানান, ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি গভীর রাতে তার বাসায় ২০-২৫ জন অস্ত্রধারী হামলা চালায়। এতে দুই ভাড়াটিয়া আহত হন। সর্বশেষ ৩০ আগস্ট ২০২৫ তার জমির সীমানা প্রাচীর ভেঙে দখলের চেষ্টা চালানো হয়।
এলাকাবাসী অভিযোগ করেন, এই চক্র স্থানীয় রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় দীর্ঘদিন সক্রিয়। তারা প্রশাসনকে সতর্ক করে উল্লেখ করেন, দ্রুত ব্যবস্থা না নিলে ভাষানটেক-কাফরুলের এই চক্র সমগ্র রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হতে পারে।
জনগণের দাবি:
১. দখলদারদের উচ্ছেদ ও বিচারের আওতায় আনা।
২. রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় বন্ধ করা।
৩. জমির প্রকৃত মালিকানা নিশ্চিত করা।
৪. চাঁদাবাজি, মাদক ব্যবসা ও কিশোর গ্যাং দমন করা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
