জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদীতে নৌকাডুবির পর নদীতে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন স্থানীয়রা।
জামালপুরের সরিষাবাড়ীতে নৌকাবাইচ দেখে বাড়ি ফেরার পথে ডিঙি নৌকা ডুবে মোর্শেদা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার মেয়ে শোভা আক্তার (৮) নিখোঁজ রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত আরও ১০ জন যাত্রী।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামের ঝিনাই নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোর্শেদা ধারাবর্ষা মধ্যেরচর গ্রামের আনসার আলীর স্ত্রী।
কামরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, বিকেলে ঝিনাই নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে মোর্শেদা বেগম তার মেয়েকে নিয়ে ডিঙি নৌকায় বাড়ি ফিরছিলেন। নৌকায় অতিরিক্ত যাত্রী থাকায় হঠাৎ নৌকাটি ডুবে যায়।
স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে ঘটনাস্থল থেকে মোর্শেদা বেগমের মরদেহ উদ্ধার করেন। তবে তার মেয়ে শোভা আক্তার এখনও নিখোঁজ রয়েছে।
এদিকে নৌকাডুবির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
