ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

সারাদেশ | এমদাদুল ইসলাম ভুট্টো, ঠাকুরগাঁও প্রতিনিধি

(১ বছর আগে) ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ১০:১৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৪৩ অপরাহ্ন

banglahour

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কালেরকণ্ঠের সাংবাদিক ও সাংস্কৃতিকর্মী হারুন অর রশিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহার এবং সাজানো ডাকাতির ঘটনার রহস্য জনসম্মুখে প্রকাশের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী চৌরাস্তায় এ কর্মসূচির আয়োজন করে সাংবাদিক সমাজ ও সাংস্কৃতিক কর্মীরা।

বক্তারা বলেন, তদন্ত ছাড়াই সাংবাদিক হারুন অর রশিদের নামে চাঁদাবাজির মামলা নিয়েছে পুলিশ। মামলার বাদী আওয়ামী লীগ পরিবারের লোকজন। মামলাটি দ্রুত প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন হয়রানিমূলক মামলার শিকার, যুগের আলো ও জিটিভির জেলা প্রতিনিধি সাংবাদিক এমদাদুল ইসলাম ভুট্টো বলেন, “সাংবাদিকদের মামলা দিয়ে অতীতে কণ্ঠরোধের চেষ্টা ব্যর্থ হয়েছে। আগামীতেও তা সম্ভব হবে না। সাংবাদিক হারুন অর রশিদের নামে আনিত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।”

মাছরাঙা টিভির সাংবাদিক বদরুল ইসলাম বিপ্লব বলেন, “অভ্যুত্থানের পর পুলিশ সংস্কারের কথা শুনছি। কিন্তু সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশি হয়রানি এখনো বন্ধ হয়নি। এটা বন্ধ করতে হবে।”

অভিনয়শিল্পী আব্দুর রউফ বলেন, “সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের ডাকাত বলা হচ্ছে, যা লজ্জাজনক। পুলিশি হয়রানি বন্ধ না হলে সাংস্কৃতিক কর্মীরাও রাস্তায় নামবে।”

দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিএন বাংলার স্টাফ রিপোর্টার ফিরোজ আমিন সরকার, সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লব, রাণীশংকৈল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন জীবন, প্রচার সম্পাদক মোতালেব সম্রাট, এনটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এ সামাদ, সিনিয়র সাংবাদিক এস এম মশিউর রহমান সরকার, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি জয় মহন্ত অলক, স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, সাংবাদিক ইলিয়াস আলী, জানে আলম, নুরে আলম সাদ্দাম প্রমুখ।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট কালেরকণ্ঠের বালিয়াডাঙ্গী প্রতিনিধি হারুন অর রশিদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় ছাত্রলীগ নেতার পরিবার চাঁদাবাজির অভিযোগ করে। তদন্ত ছাড়াই পুলিশ মামলা রুজু করে। পরে তিনি জামিনে মুক্তি পান। কিন্তু ওই পরিবার পুনরায় ডাকাতির নাটক সাজিয়ে মামলা দেয়ার চেষ্টা করে।

গত বুধবার (০৩ সেপ্টেম্বর) সাংবাদিকরা থানায় গিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার ও ডাকাতির ঘটনার রহস্য উদঘাটনের আল্টিমেটাম দেন। পুলিশ ব্যবস্থা না নেয়ার কারণে শনিবার সাংবাদিকরা মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম