ঢাকা, ২ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এশিয়ায় সর্বোচ্চ খেলাপি ঋণ বাংলাদেশে

অনুসন্ধান | বিশেষ প্রতিবেদন । বাংলা আওয়ার

(৬ মাস আগে) ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ২:২৯ পূর্বাহ্ন

banglahour

বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এক বছরের ব্যবধানে এই হার ১২ শতাংশ থেকে লাফিয়ে ২৮ শতাংশ ছাড়িয়ে গেছে। অর্থাৎ ব্যাংক খাত থেকে বিতরণ করা মোট ঋণের প্রায় এক-চতুর্থাংশই এখন খেলাপি।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার দেশগুলোর মধ্যে খেলাপি ঋণের দিক দিয়ে বাংলাদেশ এখন শীর্ষ অবস্থানে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের আর্থিক সূচকের ভিত্তিতে এই প্রতিবেদন প্রণয়ন করা হয়েছে।

গত বছর আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংক খাতের গোপন খেলাপি ঋণগুলো প্রকাশ্যে আসতে শুরু করেছে। বিশেষ করে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও তাদের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের নামে নেওয়া ঋণ ব্যাপক হারে খেলাপি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, আগের সরকারের সময় ব্যাংক থেকে যে অর্থ গোপনে বা প্রভাব খাটিয়ে নেওয়া হয়েছিল, রাজনৈতিক পরিবর্তনের পর সেগুলো খেলাপি হিসেবে চিহ্নিত হচ্ছে। তাছাড়া আন্তর্জাতিক মানদণ্ডে ঋণ শ্রেণিবিন্যাসের নিয়ম কঠোর করায় খেলাপির হার আরও বেড়ে গেছে।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সময় দেশের মোট খেলাপি ঋণ ছিল মাত্র ২২ হাজার ৪৮১ কোটি টাকা। সেই ঋণ ধীরে ধীরে বেড়ে আজ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। অর্থনীতিবিদরা বরাবরই অভিযোগ করে আসছিলেন যে, প্রভাবশালী মহল ব্যাংক থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ ঋণ তুলে বিদেশে পাচার করছে।

রাজনৈতিক পরিবর্তনের পর বিশেষ করে চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপ-এর নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়া ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক চিত্র সামনে আসতে শুরু করেছে। এর মধ্যে ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ সবচেয়ে বেশি বেড়েছে।

এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের খেলাপি ঋণও ব্যাপক হারে বেড়েছে। এসব ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

অন্যদিকে সরকারি খাতের অগ্রণী ও জনতা ব্যাংক এবং বেসরকারি খাতের আইএফআইসি, ইউসিবি, এনআরবি ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের খেলাপি ঋণও দ্রুত বাড়ছে।

প্রায় ১,৪০০ খেলাপি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের কাছে ঋণ পুনর্গঠনের আবেদন করেছে। এর মধ্যে প্রায় ৩০০ প্রতিষ্ঠানের ঋণ নিয়মিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালার আওতায় মাত্র ১ শতাংশ জমা দিয়ে ঋণ পুনর্গঠনের সুযোগ দেওয়া হবে। তবে স্থগিত সময়কালে ঋণের সুদ পরিশোধ করতে হবে।


এডিবি প্রতিবেদনে দেখা গেছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে খেলাপি ঋণের হার সর্বোচ্চ বাংলাদেশে।

বাংলাদেশ: ২০২১ সালে খেলাপি ঋণের হার ছিল ৮%। ২০২২ সালে বেড়ে দাঁড়ায় ৮.৭%। ২০২৩ সালে তা দাঁড়ায় ৯.৬%। কিন্তু ২০২৪ সালের শেষে বাস্তব চিত্র আরও ভয়াবহ খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ২০.২০%। আর চলতি বছরের জুন শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫ লাখ ৩০ হাজার ৪২৮ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ২৭.০৯%।

শ্রীলঙ্কা ও নেপাল: এ দেশগুলোতেও ২০২১ থেকে খেলাপি ঋণ বাড়ছে।

ভুটান: ২০২০ সালে ১১.৭% থেকে ২০২২ সালে কমে ৮.৭%-এ নেমেছে।

ভারত: ২০২০ সালে ৭.৯% থেকে ২০২৩ সালে কমে ৬.২%-এ দাঁড়িয়েছে।

মালদ্বীপ: ২০২০ সালে ১৮.৮% থেকে ২০২৩ সালে কমে মাত্র ৮.৩%-এ নেমে এসেছে।


বাংলাদেশের পরেই অবস্থান কিরগিজস্তান। দেশটিতে ২০২২ সালে খেলাপি ঋণের হার ছিল ১২.৫%, যা ২০২৩ সালে কমে দাঁড়ায় ৮.৯%।

অন্যদিকে সবচেয়ে কম খেলাপি ঋণ রয়েছে চাইনিজ তাইপে ও হংকং-এ। তাইপেতে মাত্র ০.১% এবং দক্ষিণ কোরিয়ায় ০.২% খেলাপি ঋণ রয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব, দুর্নীতি ও অব্যবস্থাপনা ব্যাংক খাতকে বিপর্যস্ত করেছে। ঋণ গ্রহণকারীরা জানেন, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় থাকলে ঋণ খেলাপি হয়েও তাদের কোনো জবাবদিহি করতে হবে না। এর ফলে ব্যাংক খাত থেকে অর্থ লুটপাটের সংস্কৃতি গড়ে উঠেছে।

তাদের মতে, এখনই যদি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা না যায়, তবে ব্যাংক খাতের এই সংকট পুরো অর্থনীতির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।

বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ পুনর্গঠন ও পুনঃতফসিলের উদ্যোগ নিলেও বিশেষজ্ঞরা বলছেন, টেকসই সমাধান আনতে হলে রাজনৈতিক প্রভাবমুক্ত, জবাবদিহিমূলক ও সুশাসনভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে হবে।

অনুসন্ধান থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯