রাঙ্গামাটি রিজিয়নের সার্বিক সহযোগিতায় জুরাছড়ি উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে গৃহহীন ও অসহায় পরিবারের জন্য নির্মিত ২০টি ঘর হস্তান্তর, ১২ জন দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, ২ জনকে ঘরসহ হাঁসের বাচ্চা এবং আরও ২ জনকে সেলাই মেশিন দেওয়া হয়।
এ সময় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেন ৩০৫ পদাতিক ব্রিগেডের আওতাধীন জুরাছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান, এসপিপি, পিএসসি। উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফাক আমিন চৌধুরী, পিএসসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজীদ-বিন-আখন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, হেডম্যান-কার্বারীসহ স্থানীয় জনগণ।
অনুষ্ঠানে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান বলেন পার্বত্য এলাকার জনগণের পাশে থেকে সামাজিক উন্নয়নে অবদান রাখতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে এলাকাবাসীকে স্বাবলম্বী করে তুলতে সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
