জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের স্মরণে পালিত ডায়াবেটিক সেবা দিবস জাতিকে সুস্থ ভবিষ্যতের পথে এগিয়ে নিতে অনুপ্রাণিত করে বলে মন্তব্য করেছেন সিলেট ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ডা. শিব্বির আহমদ শিবলী।
তিনি বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা ছড়িয়ে দেওয়া, বিনামূল্যে পরীক্ষা ও পরামর্শ প্রদান এবং জনগণকে সহযোগিতার মাধ্যমে সুস্থ সমাজ গড়াই এ দিবসের মূল লক্ষ্য।
সোমবার (৮ সেপ্টেম্বর) সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার সঞ্চালনা করেন সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. আব্দুল মোক্তাদির কোরেশী।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সিলেট কালেক্টরেট মসজিদের পেশ ইমাম হাফিজ মৌলানা মো. শাহ আলম।
আলোচনা সভায় অংশ নিয়ে সমিতির সম্মানিত জীবন সদস্য ও কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী বলেন, ডায়াবেটিস কোন আতঙ্কের নাম নয়। নিয়মিত ব্যায়াম, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও ওষুধের মাধ্যমে আজীবন সুস্থ থাকা সম্ভব।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন বলেন, নিয়ম-শৃঙ্খলা মেনে জীবনযাপন, পরিমিত আহার গ্রহণ ও ব্যায়াম করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়। সুগার নিয়ন্ত্রণ মানেই সুস্থ জীবন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ডা. এ.টি.এম. জাফর আহমেদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. নিহারেন্দু দাস।
আলোচনা শেষে ডা. ইব্রাহিমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফিজ মৌলানা মো. শাহ আলম।
এছাড়াও কর্মসূচির অংশ হিসেবে হাসপাতাল প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টা থেকে রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। উদ্বোধন করেন সমিতির কার্যনির্বাহী সদস্য ও সাংবাদিক আফতাব চৌধুরী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
