পিরোজপুরে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর উদ্যোগে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারটান-এর অধ্যক্ষ ড. মো. জামাল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঁঞা জনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান এবং বারটান বরিশাল আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন প্রশিক্ষক ফারজানা ছিমি। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মশিউর রহমান, মো. আব্দুর রাজ্জাক রতনসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা।
সেমিনারে বক্তারা বলেন, সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারলে একটি সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম নিশ্চিত করা সম্ভব। শুধু ভাত বা রুটি নয়, প্রতিদিনের খাবারে ডাল, মাছ, মাংস, ডিম, শাকসবজি ও ফল থাকা জরুরি। শিশুদের জন্য দুধ, ডিম, শাকসবজি ও মৌসুমি ফল অপরিহার্য বলে উল্লেখ করা হয়। পাশাপাশি গর্ভবতী নারী ও প্রবীণদের জন্য আলাদা করে পুষ্টিকর খাবারের গুরুত্বও তুলে ধরা হয়।
বক্তারা আরও বলেন, বর্তমানে ফাস্টফুড, ভাজা-পোড়া ও কৃত্রিম রঙ-স্বাদযুক্ত খাবার খাওয়ার প্রবণতা বাড়ছে, যা নানা রোগের ঝুঁকি তৈরি করছে। তাই এসব খাবার এড়িয়ে চলা এবং স্বাস্থ্যসম্মত খাবারের দিকে ঝুঁকতে হবে।
অংশগ্রহণকারীরা মত দেন, পুষ্টি বিষয়ে সচেতনতা তৈরি করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
