দৈনিক কালবেলা পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক সাংবাদিক আরিফিন তুষার আর নেই। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় হঠাৎ স্ট্রোক করলে তাঁকে বরিশাল শেরেবাংলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৬ বছর।
আরিফিন তুষার দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে সাংবাদিক মহলসহ বিভিন্ন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার সকাল ১০টায় বরিশাল প্রেসক্লাবের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ৩টায় মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আন্ধার মানিক ইউনিয়নে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খুশরু, সাধারণ সম্পাদক জাকির তালুকদার, হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন দপ্তরী, আন্ধার মানিক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবদুর রহমানসহ অনেকেই।
সাংবাদিক আরিফিন তুষার মৃত্যুকালে স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
