বাগেরহাটের চারটি আসন বহালের দাবিতে চলমান ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনেও জেলার সড়কপথ কার্যত অচল হয়ে পড়েছে। হরতাল শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
বৃহস্পতিবার সকালে সড়কে আগুন জ্বালিয়ে, বেঞ্চ বসিয়ে এবং গাছের গুড়ি ফেলে অবরোধ তৈরি করেন হরতাল সমর্থনকারীরা। সরকারি বিভিন্ন দপ্তরের সামনে তুলা ঝুলিয়েও প্রতিবাদ জানান তারা।
সর্বদলীয় সম্মিলিত কমিটির দাবি, জেলার বিভিন্ন সড়কের অন্তত ১৩৪টি স্থানে নেতাকর্মী ও স্থানীয়রা স্বতঃস্ফূর্তভাবে অবস্থান নিয়েছেন। এর ফলে বাগেরহাট জেলা কার্যত দেশের অন্যান্য জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আন্তঃজেলা যোগাযোগও প্রায় সম্পূর্ণ বন্ধ রয়েছে।
সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, দড়াটানা সেতুর দুই পাশে, ফতেপুর বাজার ও সিএনবি বাজারে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে।
অন্যদিকে হরতালের প্রতি সমর্থন জানিয়ে জেলা জুড়ে দোকানপাট খোলেননি ব্যবসায়ীরা। তবে এতে তারাও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।
এর আগে বুধবার সকাল থেকে শুরু হওয়া হরতালে রাতেও সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ অব্যাহত রাখা হয়, ফলে রাতভর যান চলাচল বন্ধ ছিল।
বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কোনো অভিযোগও পাওয়া যায়নি। তবে পুলিশ টহল জোরদার রয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের মতো করে হরতাল পালন করছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
