২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে বহু মানুষ প্রাণ হারান। শহীদদের মধ্যে ছিলেন কিশোরগঞ্জের কটিয়াদীর সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের মধ্য পুরুড়া গ্রামের ৭ বছরের শিশু রাইসা। কিন্তু আন্দোলনে প্রাণ হারানো সত্ত্বেও এখনো তার নাম অন্তর্ভুক্ত হয়নি সরকারি জুলাই শহীদদের তালিকায়।
রাইসা ছিলেন ফেরিওয়ালা বাবুচান মিয়ার মেয়ে। ঘটনার পর থেকে শোকাহত পরিবার এখন দরিদ্রতার মধ্যে মানবেতর জীবন কাটাচ্ছেন। জরাজীর্ণ টিনের ঘরে বৃষ্টির পানিতে ভিজে থাকতে হয় পরিবারটিকে।
নিহত রাইসার পরিবার জানায়, তারা রাজধানীর তারাব বিশ্বরোডে ভাড়া বাসায় থাকতেন। ২০২৪ সালের ২০ জুলাই সকালে বাসার গেটের সামনে খেলছিল রাইসা। ঠিক তখনই গুলির শব্দে রাস্তাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে রাইসার বুকে গুলি লাগে। পরিবার দ্রুত হাসপাতালে নিলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পিতা বাবুচান মিয়া অভিযোগ করেন, হাসপাতালে রাইসার মরদেহ লুকিয়ে ফেলার চেষ্টা হয়েছিল। পরে কাকুতিমিনতির পর শর্তসাপেক্ষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ও প্রভাবশালীদের চাপের মুখে রাতেই গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন করা হয়।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইদুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, আগে আমরা বিষয়টি অবগত ছিলাম না। এখন তথ্য পাওয়ার পর নিহত রাইসার বাড়িতে গিয়েছি। শিগগিরই তার নাম সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি পরিবারকে সবধরনের সরকারি সহায়তা দেওয়া হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
